Student Bd News

একটি তথ্যবহুল বাংলা ওয়েবসাইট, যেখানে পাওয়া যায় রাজনীতি, অপরাধ, বিনোদন, খেলাধুলা ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সব খবর। প্রতিদিনের আপডেট, পাঠকদের জন্য, নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম।

Saturday, July 19, 2025

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপির নেতা-কর্মীদের

 

কক্সবাজারের এনসিপির সমাবেশস্থল দখল করে স্লোগান দিচ্ছে বিএনপির নেতা-কর্মীরা। আজ বিকেল পাঁচটার দিক চকরিয়া শহরের জনতা শপিং সেন্টার এলাকায়

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে।

বিকেল পাঁচটার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল চারটা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপির নেতা-কর্মীদের মিছিল শুরু হয়। তাঁরা সালাহউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারের সমাবেশে বলেন, ‘আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে। চাঁদাবাজি দখল করছে। আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বোঝে না রাজপথে তাঁদের দেখিয়ে দিবে ইনশা আল্লাহ।’ এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন।

চকরিয়া শহরে এনসিপির পথসভা মঞ্চ ভাঙচুর করা হয়। আজ বিকেলে

এনসিপির নেতা-কর্মীরা বলেন, আজ বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।

এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার প্রথম আলোকে বলেন, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন। ব্যানার ছিঁড়ে ও ট্রাকের কাচ ভাঙচুর করেছেন। পরে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল দখল করে নিয়ে স্লোগান দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখনো আমরা জানি না।’

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রথম আলোকে বলেন, ‘চকরিয়ায় আমাদের সমাবেশ ছিল। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন। এ কারণে সেখানে অনুষ্ঠান হয়নি। আমাদের নেতা-কর্মীরা চকরিয়ায় অবস্থান করেননি। আমরা বর্তমানে (বিকেল ৫টা ৫ মিনিটে) লামা-থানচি সড়কের ফাসিয়াখালী এলাকায় অবস্থান করছি। আমাদের কেন্দ্রীয় নেতা-কর্মীরাও সঙ্গে আছেন। এখানে বিএনপির নেতা-কর্মীদের একটা জটলা রয়েছে। আমরা আতঙ্কিত অবস্থায় আছি।’

Thursday, July 17, 2025

আরও তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত তিন আসামি হলেন নান্নু কাজী, রেজওয়ান উদ্দিন ও তারেক রহমান (রবিন)।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যবসায়ী লাল চাঁদ হত্যা মামলায় গ্রেপ্তার নান্নু কাজী, রেজওয়ান উদ্দিন ও তারেক রহমানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আসামিদের প্রত্যেককে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

এর আগে গতকাল মঙ্গলবার এ মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে দ্বিতীয় দফায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে ঘাতকদের লাফাতেও দেখা গেছে।


 

গোপালগঞ্জের হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি

গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার সন্ধ্যায় শাহবাগে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলা চালানো কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশীদ)। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে এই জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলার প্রতিবাদে বিকেলে সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছিল প্ল্যাটফর্মটি।

সংবাদ সম্মেলনে রিফাত রশীদ বলেন, ‘স্বৈরাচার হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থান এ দেশে হবে না।’ এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ হামলা চালায় আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে।’

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি; গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানো ও সংস্কার; ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেপ্তার ও গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা।

Wednesday, July 16, 2025

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, মৃত্যু বেড়ে ৪

গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল। আজ বুধবার বিকেলে

 গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। হাসপাতাল, পুলিশ ও পরিবার সূত্র প্রথম আলোকে এ কথা জানিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১) ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন (২৪)।

আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা গুলিবিদ্ধ ছিলেন।

প্রথম আলো স্বজনদের সঙ্গে কথা বলে বিকেল সাড়ে ৫টার দিকে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হয়। পরে রাত সাড়ে সাতটার দিকে অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় প্রথম আলো।

পরে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় ইমন নামের আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।

হাসপাতালের কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের অস্ত্রোপচার চলছে।

মৃত্যুর তথ্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনি ধরেননি।

তথ্য জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরকে কল দিলে তাঁরা কথা বলতে রাজি হননি।

নিহত দীপ্ত সাহার চাচা হাসপাতালে প্রথম আলোকে বলেন, দীপ্ত দুপুরের খাবার খেয়ে তাঁর দোকানে যাচ্ছিলেন। শহরের চৌরঙ্গীতে তাঁর পেটে গুলি লাগে।

নিহত রমজান কাজীর বাবা কামরুল কাজী প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেটাকে মেরে ফেলছে। আমার ছেলে তো কোনো দোষ করেনি। আমি আমার সন্তানকে কোথায় পাব?’

নিহত সোহেল মোল্লা গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকার কেরামত আলী প্লাজায় মোবাইল ব্যবসায়ী ছিলেন। তাঁর পরিচয় নিশ্চিত করেছেন একই মার্কেটের দোকানদার জনি খান।

এর আগে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটে। এরপর ১৪৪ ধারা জারি করা হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতা-কর্মীদের ঘিরে হামলা চালান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতা-কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের (এনসিপি) বলা হয়েছিল, সবকিছু ঠিক আছে। কিন্তু তাঁরা সমাবেশস্থলে এসে দেখেন, পরিস্থিতি ঠিক নেই।

এর আগে বেলা পৌনে ২টার দিকে সমাবেশ শুরুর আগে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে এনসিপির সমাবেশস্থলে যান। সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে সরে যান। যাঁরা হামলা চালান, তাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেছিলেন। ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন।

একপর্যায়ে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এনসিপির নেতা-কর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। বেলা ২টা ৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশ করে এনসিপি। সমাবেশ শেষে এনসিপির নেতা-কর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে।

এর আগে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুরে এ ঘটনা ঘটে।

পুলিশের গাড়ি পোড়ানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গাড়ি পোড়ানোর সময় সেখানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. পিয়ালকে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। অন্য আরেকজনকে বলতে শোনা যায়, 'আমরা পিয়াল ভাইয়ের সাথে আছি।'

গণ–অভ্যুত্থানের এক বছর পরেও সমাজ নারীর জন্য নিরাপত্তা তৈরি করতে পারেনি

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী সংহতির সমাবেশ। ঢাকা, ১৫ জুলাই

 নারীরা প্রবলভাবে জুলাই গণ–অভ্যুত্থানের অংশীদার হয়েছিলেন, অথচ আন্দোলনের এক বছর পরেও এই সমাজ নারীর জন্য নিরাপত্তা তৈরি করতে পারেনি। বরং সমাজে নানাভাবে নারীবিদ্বেষী তৎপরতা বাড়ছে। অভ্যুত্থানের এক বছর পরেও নারীর প্রতি আচরণের কোনো পরিবর্তন হয়নি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী সংহতির সমাবেশে বক্তারা এ কথা বলেন। জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদ্‌যাপনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নারী সংহতির সভাপতি শ্যামলী শীল বলেন, ‘আমরা আজকে দেখছি, বাংলাদেশে নারীরা যেভাবে আন্দোলনের অংশীদার হয়েছিল, আন্দোলনের অংশীদার হওয়ার এক বছর পরও এই সমাজ নারীর জন্য নিরাপত্তা তৈরি করতে পারেনি। বরং আমরা দেখছি সমাজে নানাভাবে নারীবিদ্বেষী তৎপরতা বাড়ছে। জুলাইয়ে নারীদের বড় ভূমিকা থাকলেও তাদের বিরুদ্ধে এখনো বিদ্বেষ চলছে সমাজের মধ্যে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশের নারীরা এই বিদ্বেষকে প্রতিহত করছে।’

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, ‘আমি আসলে খুব একটা বেশি অবাক বোধ করিনি আন্দোলনের পরে যে আস্তে আস্তে সামনে থেকে মেয়েরা অদৃশ্য হয়ে যাচ্ছিল। সেই জায়গাটাতে অবাক হওয়ার কিছু নেই। আমি মেয়েদেরসহ সবাইকে এই কথাটাই বলব, আমাদের কোনো লড়াই যেমন আমরা ছাড়িনি, মেয়েদের আলাদা যে লড়াই, সেটি সব সময় উদ্‌যাপনে এবং বিদ্রোহে থাকতে হবে।’

সমাবেশে হিলস উইমেন ফেডারেশনের সংগঠক রুপসী চাকমা বলেন, ‘বহু আশা–আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমরা আশা করেছিলাম, গত ১৫ বছরে স্বৈরশাসনকে উৎখাত করতে পারলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। পাহাড়ে মানুষ যেভাবে নিপীড়নের শিকার হচ্ছে, তা থেকে মুক্ত হতে পারব। কিন্তু আজকে এক বছরে দাঁড়িয়েও আমরা দেখছি, কোনো পরিবর্তন নেই।’

এ সময় আরও বক্তব্য দেন নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ্র, সহসাধারণ সম্পাদক রেবেকা নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কানিজ ফাতেমা, নারী সংহতির কেরানীগঞ্জ মান্দাইলের সংগঠক লিপি আক্তার, রাশিদা আক্তার প্রমুখ। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সমাবেশ শেষে একটি মশালমিছিল শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়।

রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি

 

শিশু ধর্ষণ

রাজধানীতে আট বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আটটার দিকে বনানী থানার মহাখালী এলাকার একটি হাসপাতালের পেছনে।

শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক।

প্রাথমিক চিকিৎসা দেওয়া পর শিশুটিকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক তাইয়েবা সুলতানা জানান, আজ মঙ্গলবার সকালে শিশুটির ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

শিশুটির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল রাত আটটার দিকে এক ব্যক্তি তাকে মহাখালী এলাকার একটি হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে। এই ব্যক্তি শিশুটির পূর্বপরিচিত নন। তবে তাঁকে দেখলে চিনতে পারবে শিশুটি।

শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে পাঠালেন: উপদেষ্টা আসিফ মাহমুদ

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, সে প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ বিষয়ে আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামিলীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.